দেশে বিদ্যুতের ঘাটতির মধ্যেও সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউস সভাকক্ষে যশোর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইফতার, তারাবি ও সেহরির সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি; সেটার চেষ্টা আমাদের রয়েছে। দেশে বিদ্যুৎতের ঘাটতি রয়েছে তারপরও সেটাকে কিভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি। দেশবাসীকে বলবো, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আরও বলেন, বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা হবে। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিত করতে কর্মকর্তাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।’
এর আগে, সার্কিট হাউস মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এসময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার নানা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সকালে নিজ জেলা যশোর বিমানবন্দরে পৌঁছান অনিন্দ্য ইসলাম অমিত। বেলা সাড়ে ১১ টায় যশোর সার্কিট হাউসে পৌঁছালে গার্ড অব অনার প্রদান করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সার্কিট হাউস প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ।
অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হয়ে প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে আসার খবর ছড়িয়ে পড়লে এদিন সকাল থেকেই সার্কিট হাউস এলাকায় ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীদের। যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে সার্কিট হাউসে আসতে থাকেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

























