ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া
ভিসাসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আমাদেও (ভারতের) প্রধানমন্ত্রী। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ওইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।’
জয়সওয়াল আরও বলেন, ‘চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছে ভারত।’
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার এসেছে। ভিসাসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যায়ক্রমে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে।’

























