লগো: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো যাচ্ছে এবার ভাষা শহীদদের প্রতিশ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে শুক্রবার (আজ) দিবাগত রাতে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন ।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রাচারের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত এমপিরা তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন। এরপর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বিরোধীদলীয় এই নেতা।
রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে একুশ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এরপর সংসদের স্পিকার, প্রধান বিচারপতি শ্রদ্ধা জানান। তাদের পর শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা।
বিগত দিনের ইতিহাস বলছে, অন্যান্য ইসলামিক দলের মতো জামায়াত ইসলামীও জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে ফুল দেয় না। এসব রাজনৈতিক দল দোয়া, আলোচনা সভা, সমাবেশের মাধ্যমে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশ ফেব্রুয়ারি পালন করে। ২০০১ থেকে পরের পাঁচ বছর সরকারের শরিক অবস্থায় জামায়াতের মন্ত্রীরা রাষ্ট্রাচারের অংশ হিসেবে একবার স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে কখনও শহীদ মিনারে যাননি তাঁরা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ আসন পেয়ে সংসদের প্রধান বিরোধীদল হিসেব আত্মপ্রকাশ করেছে জামায়াত। দলটির আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি।
জামায়াতের নেতাদের ভাষ্য, ভাষা আন্দোলনে জামায়াতের অবদান রয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধাও রয়েছে। কিন্তু ইসলাম ধর্মে কোনো প্রতীকের প্রতি শ্রদ্ধা জানানোর বিধান নেই। তাই জামায়াত এত বছর বিরত ছিল। এবারও দলীয়ভাবে বিরত থাকবে। বিরোধীদলীয় নেতা তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে শহীদ মিনারে যাবেন। ইসলামের রীতিনীতি মেনে শহীদদের কবর জিয়ারত করে দোয়া করবেন।

























