রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া বাসটির অবস্থান শনাক্ত করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে বাসটি পন্টুনের নিচে চলে যাওয়ায় জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩নং পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
ডুবুরি দল জানিয়েছে, বাসটি পন্টুনের নিচে আছে। যে কারণে বাসটির দরজা ও জানালা ভেঙে তারা ভেতরে ঢুকতে পারছেন না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্য যাত্রীদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর ঘাট এলাকায় স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহত ও নিখোঁজদের বিষয়ে পরবর্তী তথ্য পেলে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


























