নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার এই জরিমানা করা হয়। এদিন যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি এমএম কলেজের পুরনো হোস্টেলের দেয়ালে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানো থাকায় বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে চলন্ত দুটি ইজিবাইকের পেছনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের পোস্টার সাঁটানো থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা জরিমানার টাকা পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। অভিযানকালে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


























