নড়াইলে তেল না পাওয়ায় পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলার সব পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এশিয়ার পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু।
সাইফুল ইসলাম বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেলসেতু এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জিহাদ মোল্যা নামে পাম্পের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ওই পাম্পে তেল নিতে যান অভিযুক্ত ট্রাকচালক পার্শবর্তী পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। তিনি সিরিয়াল ভেঙে তাকে তেল দেওয়ার জন্য বলেন। কিন্তু পাম্পের ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদ লাইনে থেকে তেল নেওয়ার জন্য বললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত মোল্যা তাদের হত্যার হুমকিও দেন।
রাত ২টার দিকে ওই ট্রাকচালক তেল পাওয়ার আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জাহিদ মোটরসাইকেলে পাম্প যাওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যান।
এ সময় স্থানীয়রা নাহিদ ও জাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।


























