রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিএনপি কর্মীর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত: ১২:৩৪, ২০ এপ্রিল ২০২৬

গাংনীতে বিএনপি কর্মীর ওপর সশস্ত্র হামলা

মেহেরপুরের গাংনী উপজেলায় এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার সাহারবাটি-ভাটপাড়া সড়কের ভাটপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মুকুল হোসেন (৫৫) সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়ার দিকে হাঁটছিলেন। তিনি ভাটপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর বুকে, পিঠে ও হাতে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, মুকুল হোসেনের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বিএনপির দুই নেতা জানান, মুকুল হোসেন দলীয় কোনো পদে না থাকলেও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান বাবলুর অনুসারী হিসেবে পরিচিত। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাদের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার বা পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: