বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

প্রকাশিত: ১৭:০১, ১ জুলাই ২০২৬

রামপালে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাটের রামপাল উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মঙ্গলবার উপজেলা প্রশাসন অপূর্ব টিস্টল নামে একটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানের মালিক মঞ্জু বালা মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্থানীয়দের সম্মতিতে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, অসুস্থদের মধ্যে ১২ শিক্ষার্থী বর্তমানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌস বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ চিপস এবং ডিটারজেন্টের মোড়কে বিক্রি করা চিপসের প্রমাণ পাওয়া গেছে।

চিপস খেয়ে অসুস্থ হওয়া শিক্ষার্থী ও অভিভাবক হলেন— প্রাপ্তি অধিকারী (১০), তুফান শেখ (১৩), রাজদীপ (১০), আখিরা (১১), লামিয়া (১১), জান্নাতুল (১০), আরহী মণ্ডল (৫), রাহুল মণ্ডল (৮), সৃষ্টি বিশ্বাস (১০), ফাতেমা আক্তার (৮), আম্বিকা (৬), প্রভাতী (১০) এবং অভিভাবক দীপিকা হালদার (২৮)। জান্নাতুলের অবস্থার অবনতি হলে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান জানান, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ জনের মধ্যে ১২ জনকে মৈত্রী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: