দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে কারখানা থেকে বিভিন্ন বেকারি সামগ্রী জব্দ করা হয়েছে। বিএসটিআইয়ের বৈধ অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও নোংরা পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস্থিত ‘আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড’ নামের ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানার উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, বৈধ অনুমোদন না থাকলেও বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, রুটি, কেক, পেটিসসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল।
অভিযোগের সত্যতা পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় কারখানা থেকে বিভিন্ন বেকারি সামগ্রীও জব্দ করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যদের সহযোগিতায় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ অভিযান পরিচালনা করেন। এ সময় দিনাজপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামীম আজাদ বকুল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাউসার শেখ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


























