বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কিলোমিটার সড়কের দুই পাশে ঝোপঝাড়, নিরাপত্তার ঝুঁকি

প্রতিনিধি, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)

প্রকাশিত: ১৭:২৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

১০ কিলোমিটার সড়কের দুই পাশে ঝোপঝাড়, নিরাপত্তার ঝুঁকি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী মধুমতী সেতু থেকে খালেক বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে আচ্ছাদিত হয়ে আছে। এতে মাদকসেবন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়  স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে বেড়ে ওঠা ঘন ঝোপঝাড়ের কারণে বেশ কিছু জায়গা দিনের বেলাতেও নির্জন ও আড়ালযুক্ত হয়ে পড়েছে। এসব স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বলেও অভিযোগ তাদের।

সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা নাজিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ঝোপঝাড় পরিষ্কার না করায় রাস্তার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এর সুযোগ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক এসব জঙ্গলের আড়ালকে অপরাধমূলক কাজে ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে ভয় পাচ্ছেন।

সড়কের পাশে মধুমতী ভাসমান রেস্টুরেন্টের মালিক মাইনুল ইসলাম জানান, সন্ধ্যার পর রেস্টুরেন্টে আসা অতিথিদের নিরাপত্তা নিয়ে তাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযুক্তরা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ায় তাদের শনাক্ত বা আটক করা কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে নিয়মিত পরিচর্যা ও আগাছা পরিষ্কার করা হলে দৃশ্যমানতা বাড়বে এবং অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ কমবে। এতে সন্ধ্যার পর নারী, শিশু ও বয়স্কদের চলাচলে তৈরি হওয়া আতঙ্কও কমবে।

স্থানীয়রা সড়কটির গুরুত্বপূর্ণ ও নির্জন অংশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। এতে সড়কটিতে অপরাধের ঝুঁকি কমবে বলে মনে করেন তারা।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন হওয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: