বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাঁদের ওপর হামলা করেন।
এ সময় আহাদ আহমেদ ও তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। আহত অবস্থায় আহাদকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলায় এক যুবক নিহত এবং তাঁর বাবা গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


























