বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশিত: ১৮:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। কোনো কোনো মণ্ডপে প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ হয়েছে। এখন চলছে রং ও সাজসজ্জার প্রস্তুতি।
পূজা যতই ঘনিয়ে আসছে, মণ্ডপগুলোতে ততই বাড়ছে ব্যস্ততা। কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ, কোথাও প্যান্ডেল ও আলোকসজ্জার প্রস্তুতি। এর পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
কারিগররা জানান, অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে রং-তুলির আঁচড়ে প্রতিমার চোখ, মুখসহ বিভিন্ন অঙ্গ ফুটিয়ে তোলা হবে। এরপর অলংকার ও পোশাক দিয়ে প্রতিমা সাজিয়ে মণ্ডপে স্থাপন করা হবে। একেকটি কারিগরের দল একাধিক প্রতিমা তৈরির কাজ নিয়েছে। ফলে এখন তাদের কাজের চাপও বেশি।

প্রতিমা তৈরির কয়েকজন কারিগর বলেন, বংশপরম্পরায় তারা এ পেশায় যুক্ত। তবে পরিশ্রম অনুযায়ী কাঙ্ক্ষিত পারিশ্রমিক পান না বলে তাদের অভিযোগ।

ঘোড়াঘাট সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সরকার ও সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা জানান, ঘোড়াঘাট উপজেলায় পৌরসভাসহ মোট ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি। কয়েক দিনের মধ্যে সেগুলোও শেষ হবে। অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না বলে তারা আশা করছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল বলেন, উপজেলায় প্রায় ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য বিভিন্ন পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: