দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লিতে কারাম উৎসব উপলক্ষে সরকারি অনুদান দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সরকারি সহায়তা পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর পৌরসভার গোহাড়া ও গোহাড়া আদিবাসীপাড়াসহ উপজেলার বিভিন্ন পল্লিতে কারাম উৎসব অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা, প্রার্থনা, নাচ ও গানের মধ্য দিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ উৎসবটি পালন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বপুরুষের সময় থেকে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমার একাদশীতে কারাম উৎসব পালন করে আসছেন তারা। উৎসব উপলক্ষে তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী মানুষ দিনভর উপবাস থাকেন। সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে অন্ন গ্রহণের পর শুরু হয় মূল উৎসব।
কারাম উৎসবে তেল কারামগাছের তিনটি ডাল একত্র করে পূজা করা হয়। নাচ, গান ও প্রার্থনার মধ্য দিয়ে বিপদ থেকে মুক্তি, অনাবৃষ্টি, অতিবন্যা ও খরা থেকে রক্ষা এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন উৎসবে অংশ নেওয়া মানুষ। উৎসব দেখতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও পল্লিগুলোতে জড়ো হন।
গোহাড়া ও গোহাড়া আদিবাসীপাড়ায় কারাম উৎসব পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে তাঁর পক্ষ থেকে উপজেলার ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লিতে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, উপজেলা আদিবাসী সংগঠনের সাবেক চেয়ারম্যান বাদল টপ্প, আহ্বায়ক জুয়েল টপ্পো, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা সেলিম, শ্রমিক নেতা আজিজুল ইসলাম ও সাবেক কাউন্সিলর লিটন মিয়াসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়ার বিষয়ে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এবারই প্রথম কারাম উৎসব উপলক্ষে সরকারি অনুদান পাওয়া গেল। এর আগে বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করলেও সরকারি অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। অনুদানের পরিমাণ কম হলেও সরকারি সহায়তার উদ্যোগে তারা আনন্দিত। ভবিষ্যতে আরও সহযোগিতা পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের শুভেচ্ছা ও অনুদান তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সবাইকে মিলেমিশে উৎসব পালনের আহ্বান জানান তিনি।


























