চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে চারটি ট্রাকভর্তি ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন মীরসরাই।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য স্থানান্তর করা হচ্ছিল। এ সময় সেখান থেকে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ তিনজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইউরিয়া সার, ট্রাক, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























