ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ পিরোজপুর জেলা সদর হাসপাতাল, পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার এ পরিচ্ছন্নতা অভিযানে মাঠ পর্যায় নেতৃত্ব দেন, জেলা প্রশাসক আবু সাঈদ।
অভিযানের অংশ হিসেবে পিরোজপুর জেলা সদর হাসপাতালের চারপাশের বিভিন্ন ড্রেন ও নালা পরিষ্কার করা হয়। একই সঙ্গে হাসপাতালের কোয়ার্টার, হাসপাতাল ভবন ও সংলগ্ন বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি পিরোজপুর পৌর এলাকার ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার এবং পরিবেশের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক পিরোজপুর জেলা সদর হাসপাতাল থেকে সিও অফিস মোড় পর্যন্ত সড়কের উভয় পাশ সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সড়কের দুই পাশে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের পাশাপাশি অবৈধ স্থাপনা, ভাসমান দোকানসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইফতেখারুল ইসলাম শামীমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা।
ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, সুন্দর ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।


























