রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে ধামুরা খালের ওপর নান্দনিক আর্চ ব্রিজ

প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

প্রকাশিত: ১৬:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উজিরপুরে ধামুরা খালের ওপর নান্দনিক আর্চ ব্রিজ

রিশালের উজিরপুরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ আর্চ সেতু

বরিশাল, জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা খাল বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শতবর্ষী প্রাকৃতিক জলাশয়। উজিরপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের পণ্যবাহী নৌকা এবং ট্রলার ধামুরা খালের মাধ্যমে বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। একসময় এটি অত্যন্ত খরস্রোতা খাল হিসেবে পরিচিত ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ধামুরা বাজার গণহত্যার স্মৃতিতেও এ খালের উল্লেখ আছে।

আবহমান এ খালের দুই পাশে সবুজের সমারোহ, মাঝখানে বয়ে গেছে খালের স্বচ্ছ জলের স্রোতধারা। তার ওপরে নির্মিত ধনুকের মতো বাঁক নিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন একটি সেতু। দূর থেকে দেখলে মনে হবে কোনো পর্যটন কেন্দ্রের নান্দনিক স্থাপনা। কিন্তু এটি কেবল সৌন্দর্যের প্রতীক নয়; বরিশালের উজিরপুরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ আর্চ সেতুটি এখন যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি নতুন আকর্ষণে পরিণত হয়েছে। বিকেল নামলেই বদলে যায় সেতুর পরিবেশ।

স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে। সেতুর ওপর দাঁড়িয়ে খালের সৌন্দর্য উপভোগ, ছবি তোলা কিংবা কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো—সব মিলিয়ে ধামুরা খালের ওপর নির্মিত সেতুটি এখন উজিরপুরের মানুষের কাছে নতুন এক পরিচিতি পেয়েছে।

স্থানীয়দের অনেকেই সেতুর নান্দনিক নকশাকে রাজধানীর হাতিরঝিল এলাকার সেতুর সঙ্গে তুলনা করছেন। তাদের মতে, যোগাযোগের প্রয়োজন মেটানোর পাশাপাশি এমন দৃষ্টিনন্দন অবকাঠামো একটি এলাকার সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকেও নতুন মাত্রা দিতে পারে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: