সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২১:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—এই অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করতে হবে। আজ দুপুরে নগরের সাগরিকা মোড়সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু আক্রান্ত এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, নগরের ঝুঁকিপূর্ণ ও ডেঙ্গুর হটস্পট এলাকাগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। 

চসিক মেয়র বলেন, বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে।

এ সময় মেয়র মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন।

চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নগরের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: