সংগৃহীত ছবি
বর্ষীয়ান আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির সমাগম হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি.এ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
‘বটগ্রামের হুজুর’ হিসেবে পরিচিত এই বর্ষীয়ান আলেম গতকাল মঙ্গলবার রাত ১১টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর। তার মৃত্যুতে কুমিল্লাসহ দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই সুয়াগঞ্জ টি. এ. হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মানুষের ঢল নামে।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সুয়াগঞ্জ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ছাত্র ও অনুসারীদের প্রতি সমবেদনা জানান।
আল্লামা নুরুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বটগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন।
দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার কাছে শিক্ষা গ্রহণ করা অসংখ্য ছাত্র বর্তমানে ধর্মীয় অঙ্গনে দায়িত্ব পালন করছেন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন এই বর্ষীয়ান আলেম। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে।
আল্লামা নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলের দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আলেমসমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবার্তায় সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দানের প্রার্থনা জানান।


























