বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা

প্রকাশিত: ২৩:০২, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০১:৪০, ১৫ অক্টোবর ২০২৬

কুমিল্লা থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

ছবিঃ রানার অনলাইন

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ছেলের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর তারা বাড়ি ছাড়ে বলে জানিয়েছে পুলিশ। গত ১২ অক্টোবর নিখোঁজ হওয়ার পর ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম।

যেভাবে নিখোঁজ হয় চার শিক্ষার্থী

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও বিদ্যালয়ে উপস্থিত হয়নি। পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা পুলিশ সুপারকে অবহিত করেন। তাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন থানায় তাদের ছবি ও তথ্য পাঠিয়ে বেতার বার্তা দেওয়া হয়। পরে পুলিশের সমন্বিত প্রচেষ্টায় হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বাড়ি ছাড়ার পরিকল্পনা

সংবাদ সম্মেলনে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়ার পর জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম ছিল। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করত এবং টিকটকে ভিডিও আপলোড করত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের কয়েকজন ছেলের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে ওই ব্যক্তিদের প্রকৃত ঠিকানা সম্পর্কে তারা অবগত ছিল না বলে পুলিশকে জানায়।

মোবাইল ফোন বিক্রি করে ঢাকায় যাত্রা

পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় ও আকর্ষণে প্রভাবিত হয়ে চার শিক্ষার্থী বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়। পরে কুমিল্লার বাহার মোবাইল মার্কেটে  পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা।

মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় চার শিক্ষার্থী। তাদের পরিকল্পনা ছিল, সেখানে গিয়ে উপার্জন করে স্বাধীনভাবে জীবনযাপন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছেলেদের সঙ্গে নতুন জীবন শুরু করা। তবে ঢাকায় গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে তারা ওই দিনই তারা হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শিক্ষার্থীদের বিক্রি করা মোবাইল ফোনটি বাহার মোবাইল মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে থাকা অন্যান্য স্বর্ণালংকারও উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে পরিচয় ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়টি শিশু-কিশোরদের নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে সতর্কতার গুরুত্ব সামনে এসেছে । বিশেষ করে অনলাইনে অপরিচিত ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও ঠিকানা যাচাই না করে তাদের প্রতি আস্থা রাখা এবং তাদের প্ররোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: