শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ, এবি পার্টির নেতাকে অব্যাহতি

প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ০০:৪৯, ১৬ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ, এবি পার্টির নেতাকে অব্যাহতি

গোলাম মোহাম্মদ সামদানি। সংগৃহীত ছবি

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানিকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সামদানি। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

গত বুধবার সন্ধ্যায় জামায়াতের রোকন সম্মেলনের প্রস্তুতি সভা চলাকালে দলীয় কার্যালয়ের সামনে রাখা মাহাবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। সভায় কমিটি গঠন নিয়ে কার্যালয়ের চতুর্থ তলায় উত্তেজনা ও হট্টগোল চলছিল। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে গাড়ি ভাঙচুরের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে টুপি ও মাস্ক পরা এক ব্যক্তিকে লাঠি দিয়ে গাড়ির চারপাশের কাচ ভাঙতে দেখা যায়। এ সময় কয়েকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি গাড়ির সব কাচ ভেঙে চলে যান।

ঘটনার পর থেকেই বিভিন্ন মাধ্যমে গাড়ি ভাঙচুরের সঙ্গে গোলাম মোহাম্মদ সামদানির নাম ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেয় এবি পার্টি। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সামদানিকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

তবে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সামদানি। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় তার বাবা মাহাবুবুর রহমান ভূঁইয়া স্ট্রোক করলে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার কাজে গভীর রাত পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। ওই হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় তার উপস্থিতির প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সামদানি বলেন, ‘জামায়াত নেতার গাড়ি ভাঙচুরের ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ব্যক্তিটি আমি নই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ছড়িয়ে পড়ায় বিতর্ক এড়াতে দল তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে মনে করেন তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, গাড়ি ভাঙচুরের একটি ভিডিও তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, তাদের দলে সাংগঠনিকভাবে কোনো বিরোধ নেই। তবে পদ-পদবি নিয়ে মতবিরোধ থাকতে পারে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: