ছবি: বাসস
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ঘাটতি নেই। তিনি বলেন, সার্বিক নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশের সব স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
শুক্রবার চাঁদপুর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার সদস্য ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন। দুর্গাপূজাকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ দমন এবং সড়কে চুরি-ছিনতাই প্রতিরোধেও পুলিশ কাজ করেছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।


























