বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সার কালোবাজারির অভিযোগে মামলায় ১৫ জন কারাগারে

প্রকাশিত: ২০:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে সার কালোবাজারির অভিযোগে মামলায় ১৫ জন কারাগারে

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিকালে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

আসামিরা হচ্ছেন সার ডিলার মো. ফরহাদ আলী, মাজাহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, সুফিয়া বেগম, মরিয়ম আক্তার মুন্নী, তাপস নন্দী, সিরাজুল হক, ছামিদুল ইসলাম ফারাজী ও বোরহান উদ্দিন, ডিলার পরিচালনাকারী আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. বাদশা মিয়া ও জাকির হোসেন রতন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রির অভিযোগে শেরপুরের ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত ২২ জুলাই বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, গত মৌসুমে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শনকালে সংশ্লিষ্ট ডিলারদের সার বিক্রির রেজিস্টার ও ক্যাশমেমো জব্দ করে যাচাই-বাছাই করলে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অধিক মুনাফার আশায় ডিলাররা সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রি করেন। এর ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পাশাপাশি কৃষকদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হন।

ওই মামলায় ডিলাররা কিছুদিন আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির উভয়পক্ষের জামিন শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, আদালতের নির্দেশনা মোতাবেক ১৫ জনকে  কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুনঃ