আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন লক্ষ্যে জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। দিবসটি উদযাপনে প্রতিবারের মতো এবারও একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল সাড়ে ১০টায় জেলার দাগনভূঞায় ভাষা শহীদ সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও ভাষার গান প্রতিযোগিতা এবং ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০মিনিটে শিশু একাডেমি প্রাঙ্গণে রচনা, চিএাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা প্রশাসক মনিরা হক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। জেলা শহরের বিভিন্ন কর্মসূচি ছাড়াও দাগনভূঞার ভাষা শহিদ সালামের গ্রামেও নানা কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন।
তিনি বলেন, এবার রমজানের কারণে কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত হতে পারে। জাতীয় কর্মসূচির আলোকে ফেনীর অন্যান্য কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।
সভায় সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।


























