অ্যামোনিয়া সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির মজুদ অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।
কারখানা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই দুই প্রতিষ্ঠান থেকেই অ্যামোনিয়া সংগ্রহ করে ডিএপি কারখানাটি উৎপাদন চালিয়ে আসছিল।
এ দুই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর কাঁচামাল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। মজুদ অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানায় দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সিইউএফএল ও কাফকো বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকেই অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা সম্ভব হলেও বর্তমানে তা শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।


























