রোববার ২১ জুন ২০২৬

৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২০ জুন ২০২৬

ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া চারজন হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসেননি।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তারা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে মর্মান্তিক এই ঘটনায় পুরো জলই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক এশিয়া পোস্টকে বলেন, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: