রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় নবনির্বাচিত এমপি হেলাল ও মঞ্জুর মিষ্টিমুখ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় নবনির্বাচিত এমপি হেলাল ও মঞ্জুর মিষ্টিমুখ

খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা মহানগরী জামায়াত সেক্রেটারি এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর বাসায় গিয়ে স্বাক্ষাৎ করেছেন। 

গতকাল শুক্রবার বিকেলে মঞ্জুর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাস ভবনে যান হেলাল। এ সময় একে অপরের সঙ্গে কোলাকুলি এবং মিষ্টিমুখ করেন। তৈরি হয় এক সৌহার্দপূর্ণ পরিবেশ। এ সময় দু’জনকেই হাস্যোজ্জল দেখা যায়। নানা বিষয় নিয়ে কথাও বলেন পরস্পর।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, খুলনা সদর থানা জামায়াত আমির এস এম হাফিজুর রহমান, ১৮ নং ওয়ার্ডের আমির মশিউর রহমান রমজান, সেক্রেটারি মনজুরুল ইসলামসহ নেতৃবৃন্দ। 

এদিকে, খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর এ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের মধ্যে আলাদা কোনো উল্লাস বা আনন্দের অনুভূতি তৈরি হয়নি। তবে তিনি আল্লাহ্ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে দায়িত্ব নেবেন।

এমপি হেলাল বলেন, খুলনার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি স্থানীয় সিনিয়র নাগরিক, পেশাজীবী নেতা, সামাজিক সংগঠন এবং খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদসহ সব সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি আরও জানিয়েছেন, এই মতামত ও পরামর্শ বাস্তবায়ন করা হবে তাঁর দায়িত্ব হিসেবে।

তিনি সকল প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজয়ের পরও সবাই একসাথে মিলিত হয়ে খুলনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবো। তার কথায়, নির্বাচনের শুরুতে আমি বলেছি, নির্বাচিত যেই হোক, তাকে মেনে নেব এবং একসাথে কাজ করব। আজও আমি সেই প্রত্যাশা রাখি।

জাহাঙ্গীর হেলাল তার কমিটমেন্ট উল্লেখ করে বলেন, খুলনার প্রতি তার কমিটমেন্ট হলো সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করা এবং এখানে সামাজিক ও অর্থনৈতিক অবহেলিত ক্ষেত্রগুলো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা। আমি শুধু তাদের মতামত বাস্তবায়ন করার জন্য সেবক হিসেবে কাজ করব। এটি হবে আমার আগামী দিনের খুলনার প্রতি প্রতিশ্রুতি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: