কুষ্টিয়া জেলা সদরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে একটি অটোরিকশা যাচ্ছিল, পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাদেরকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ দৈনিক রানারকে বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদেরও মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























