নড়াইলের লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারও এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইসলাম শেখ (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সদস্য ছিলেন। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ববিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, লাহুড়িয়া-কালীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি ইসলাম শেখের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলায় কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন দাবি থাকলেও পুলিশ তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


























