সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের দেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। সে লক্ষ্যেই কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে সরকার।
রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, নারী স্বাবলম্বী হলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই সচল হয়ে ওঠে। সরকার প্রবর্তিত ‘ফ্যামিলি কার্ড’ চুয়াডাঙ্গাসহ সারা দেশের অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপট বদলে দেবে। গ্রামের নারীদের অত্যাচার ও আর্থিক জিম্মিদশা থেকে রক্ষা করতে ফ্যামিলি কার্ডের প্রতি মাসের টাকা একটি শক্তিশালী সেফগার্ড বা নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে।
চুয়াডাঙ্গা ডেপুটি কমিশনার (ডিসি) লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং পুলিশ সুপার রুহুল কবির খান।
সভায় জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, চার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


























