সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, যুবক নিহত

প্রতিনিধি, ফকিরহাট (বাগেরহাট)

প্রকাশিত: ২২:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, যুবক নিহত

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হুসাইন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন শেখ ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মো. হায়দার শেখের ছেলে। তিনি পেশায় বাইসাইকেল-ভ্যান গ্যারেজের মিস্ত্রি ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে হুসাইন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাঠালতলায় তাঁর নিজস্ব গ্যারেজে যাচ্ছিলেন। বিদ্যালয়ের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি তালগাছে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদ থেকে হুসাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: