বাগেরহাটে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি যত শক্তিশালীই হোন না কেন, এমনকি তাঁর রাজনৈতিক দল বিএনপির কোনো শক্তিশালী নেতাও যদি অভিযুক্ত ব্যক্তির পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধেও জিরো টলারেন্স দেখাতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কোনো পক্ষপাত নেই।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিএনপি-জামায়াতকে লক্ষ্য করে মানুষকে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ক্রসফায়ার’। গুমও করা হয়েছে।
তিনি বলেন, চার হাজারের বেশি বিএনপির নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ার দেওয়া হয়েছিল। ১৬-১৭ বছরে প্রায় ৭০০ বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। সেই সময়ে অসংখ্য জামায়াতের নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে শুধু জামায়াত বা বিএনপি করার কারণে।


























