শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগ সম্পাদক গ্রেপ্তার

​​​​​​​প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২১:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগ সম্পাদক গ্রেপ্তার

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন পুলিশের যাচাই-বাছাইয়ের পর তাঁকে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, এম খালেক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা চেকপোস্টে আসেন। কাগজপত্র যাচাইয়ের সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাঁর পরিচয় মামলার তথ্য যাচাই করা হয়। পরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সাব-ইন্সপেক্টর তারিক জানান, এম খালেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় সন্দেহ হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে আটক করা হয়। পরে মেহেরপুরের গাংনী থেকে আসা ডিবি পুলিশের একটি দল তাঁকে নিয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ এপ্রিল গাংনী থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫()/২৫ডি ধারায় করা।

তবে এম খালেকের ছেলে আসিফ রেজা বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর হার্টে ব্লক রয়েছে। বাইপাস সার্জারির জন্য তাঁকে ভারতে নেওয়া হচ্ছিল। আমাদের জানামতে, বাবার নামে যেসব মামলা ছিল, সবগুলোতে তিনি জামিনে আছেন।

শেয়ার করুনঃ