খুলনার পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অপরাধে দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালী এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ধামরাইলের ডিলার মীর আজিজুর রহমান বাবু ও কমলাপুরের ডিলার মাজহারুল ইসলাম ৩০ কেজির পরিবর্তে ২৬ থেকে ২৮ কেজি করে চাল দিচ্ছেন বলে প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, এসআই লিটনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


























