সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও ফাঁসির দাবি জানিয়ে সরকারের কাছে আসনটিতে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। বিক্ষোভের একপর্যায়ে গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ সময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। আমার দাবি, যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের চোখ খোলার দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরতে হবে। চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো নিয়ে তাদের ভাবা দরকার।
এদিকে, মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। তখন ওই কিশোরীকে বিয়ে এবং কাবিননামা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে।
একপর্যায়ে রোববার রাজধানীর ন্যাম ফ্লাট থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে পাওয়া যায় বেশ কিছু সুইসাইড নোট। যাতে গাজী নজরুলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ এনেছেন মরিয়ম।


























