বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, ১২ গ্রামে প্লাবনের আশঙ্কা

প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, ১২ গ্রামে প্লাবনের আশঙ্কা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ৫০ মিটার বাঁধ ধসে পড়েছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে প্রতাপনগর, আনুলিয়াসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রোববার দিবাগত রাত থেকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে ভাঙন শুরু হয়। সোমবার সকালে জোয়ারের পানির চাপে ভাঙন বড় আকার ধারণ করে। একই সঙ্গে বাঁধসংলগ্ন ওয়াপদা সড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভাঙনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ শুরু করেন। বালুর বস্তা ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত অংশ সাময়িকভাবে রক্ষার চেষ্টা চলছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ভাঙনরোধে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও জানানো হয়েছে। ইতোমধ্যে পাউবোর লোকজন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।’

সাতক্ষীরা পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ৫০ মিটারের মতো বাঁধ ধসে গেছে। স্থানীয়দের সহযোগিতায় মেরামতের কাজ চলছে। আশা করছি খুব দ্রুত এলাকাটি বিপদমুক্ত হবে।’

স্থানীয়দের আশঙ্কা, ভাঙন আরও বিস্তৃত হলে নদীর পানি লোকালয়ে ঢুকে বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হতে পারে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: