বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

প্রতিনিধি, সাতক্ষীরা 

প্রকাশিত: ২১:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

সাতক্ষীরার সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক নারী ও তাঁর স্বজনদের মোটরসাইকেল থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন শেখ নাজির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর ছাত্তারের মিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক নাজির হোসেন সাতক্ষীরা পৌরসভার কুখরালী মাঝেরপাড়া এলাকার মৃত শেখ আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি ওই নারী ও তাঁর স্বজনদের পথরোধ করেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। একপর্যায়ে সঙ্গে থাকা টাকা নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীদের সন্দেহ হয়। পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মোসলেমা খাতুন জানান, তিনি ও তাঁর স্বামী আনারুল ইসলাম লক্ষ্মীদাড়ী এলাকা থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে চারজন তাঁদের অনুসরণ করে মোটরসাইকেল থামান। নিজেদের পুলিশ পরিচয় দেওয়ার পাশাপাশি তাঁদের সামনে হ্যান্ডক্যাপ দেখানো হয়। পরে একজন তাঁর কাছে থাকা টাকা নেওয়ার চেষ্টা করেন।

মোসলেমা খাতুনের দাবি, তাঁর কাছে থাকা টাকার একটি অংশ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় লোকজন এগিয়ে আসায় পুরো টাকা নিতে পারেনি তারা। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল না; তবে একজনের হাতে লাঠিসদৃশ বস্তু ও হ্যান্ডক্যাপ ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা এগিয়ে এলে চারজনের মধ্যে তিনজন পালিয়ে যান। পরে নাজির হোসেনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটকের পর স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করেন।

খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাজির হোসেনকে হেফাজতে নেন। পরে তাঁকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: