বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর রাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

সংবাদদাতা, দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশিত: ২১:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর রাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা ভাষণ ও উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীদের দাবি, ওই সময় প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও আপত্তিকর মন্তব্য করা হয়। এতে শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় আলোচনা শুরু হয়।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুলের ভাষ্য, জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন বলেছেন, তিনি কটূক্তি করেননি; বরং প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তাঁর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য করেছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: