বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিয়ালের টানাটানিতে বেরিয়ে আসে যুবকের মরদেহ

সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শিয়ালের টানাটানিতে বেরিয়ে আসে যুবকের মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে মাঠের নির্জন সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা ছিল। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠের একটি হেরিংবোন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে যেতেই শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক ব্যক্তির মরদেহ। মরদেহের শরীরের কিছু অংশ শিয়ালে খুবলে খেয়েছে।

সানাউল্লাহ বিষয়টি দেখে চিৎকার দিলে আশপাশের মাঠে কাজ করা অন্য কৃষকেরা সেখানে ছুটে আসেন। পরে খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।’

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: