বাগেরহাটের চিতলমারীতে অনুমোদিত সীমার চেয়ে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে মেসার্স রোহা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে দুই হাজার ৪২টি সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা সিলিন্ডারগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোড় এলাকার প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। পরে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।
ইউএনও জানান, প্রতিষ্ঠানটির লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অনুমতি রয়েছে। কিন্তু অভিযানে সেখানে পাওয়া যায় দুই হাজার ৪২টি সিলিন্ডার। এর মধ্যে ১৭৪টি পূর্ণ এবং এক হাজার ৮৬৮টি খালি।
খাদিজা আক্তার বলেন, ডিবির কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অনুমোদিত সীমার তুলনায় বিপুলসংখ্যক সিলিন্ডার মজুত দেখতে পান। এত বিপুল পরিমাণ সিলিন্ডার মজুতের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। জব্দ করা সিলিন্ডারের মধ্যে কয়েকটির মেয়াদ ২০২২ ও ২০২৪ সালে শেষ হয়েছে।
তিনি আরও বলেন, সিলিন্ডারগুলো সরাসরি সংশ্লিষ্ট কোম্পানি থেকে আনার কথা থাকলেও বাইরে থেকে রিফিল করানো হচ্ছিল। অতিরিক্ত মজুত ও আইন লঙ্ঘনের অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, জব্দ করা সিলিন্ডারগুলো ভোররাত পর্যন্ত থানায় এনে রাখা হয়। আদালতের সাজা পরোয়ানা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানো হয়েছ।
অভিযানের সময় চিতলমারীর সহকারী কমিশনার (ভূমি) নাঈম আশরাফ, চিতলমারী থানার এসআই সুজয় এবং চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।


























