রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলার ৬টি আসনেই বিএনপি’র জয়

বরিশালবাসী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন

আতিকুর রহমান মিয়া, বরিশাল

প্রকাশিত: ১৭:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালবাসী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে। জাতীয় পর্যায়ে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে দলটি সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। দীর্ঘ প্রায় দুই যুগ পর রাষ্ট্রক্ষমতায় ফেরার এই নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে দেখছেন।

নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে, ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার দায়িত্ব নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে দিতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই রায় দলটির জন্য যেমন বড় অর্জন, তেমনি এটি একটি বড় দায়িত্বও, যেখানে জনগণের প্রত্যাশা পূরণই হবে প্রধান চ্যালেঞ্জ।

বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। এখন তারা আশা করছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বরিশালের উন্নয়ন, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করবেন।

নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সম্মেলনে তারেক রহমান বরিশালের সার্বিক উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি ঘোষণা করেন। তিনি বলেন, নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করতে এবং বেকারত্ব কমাতে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়।

কৃষিখাতে সহায়তার অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের ঘোষণা দেন তিনি। পাশাপাশি কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। খেলাধুলায় প্রতিভাবান তরুণ-তরুণীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার কথাও তুলে ধরেন। সাধারণ মানুষের জন্য সহজ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত সংস্কার এবং স্কুল ও কলেজগুলোকে আধুনিক ও কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। বরিশালের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জেলার খালগুলো ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে বন্যা প্রতিরোধ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। বরিশালের নাগরিক সমাজও মনে করছে, এই নির্বাচনের ফল বরিশালের উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। দীর্ঘদিন ধরে অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, কর্মসংস্থান ও স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বরিশাল দক্ষিণাঞ্চল অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।

বরিশাল জেলার সবকটি আসনে বিএনপির বিজয়ের ফলে স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বরিশালের উন্নয়ন ও জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন।

/এম আই/


 

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: