যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী মো. হারুন অর রশিদ (৬২)। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। হারুন অর রশিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ভাই ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে হাশিমপুর বাজারে পূর্বের লেনদেন নিয়ে হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে আওয়াল হোসেনের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
হারুন অর রশিদের অভিযোগ, ওই ঘটনার জেরে একরামুল হোসেন, আওয়াল হোসেন ও সাকিলসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তাদের মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভ্যান স্টোরে হামলা চালায়। এ সময় দোকানের মালামাল, আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরে বসতবাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
হারুন অর রশিদ জানান, এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তবে অভিযুক্তরা গ্রেপ্তার না হয়ে উল্টো তাকে ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবু, চাচাতো ভাই আশরাফুল ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


























