কৃষি মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেছেন রফিকুল আই মোহাম্মদ। বুধবার (০৪ মার্চ) সচিবালয়ে গিয়ি তিনি যোগদান করেন। এরআগে, মঙ্গলবার (০৩ মার্চ) কৃষি সচিব পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা রফিকুল আই মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করেন। পরে ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু করেন। চাকরিকালে তিনি দেশের মাঠ প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব হিসেবে বগুড়ার জেলা প্রশাসক ও তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক পদে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি পদোন্নতি পেয়ে সচিব হলেও ২০০৯ সালে তৎকালীন সরকার তাঁকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে। ওএসডি থাকাকালে ২০১৬ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।
রফিকুল আই মোহাম্মদ যুক্তরাষ্ট্রের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করা ছাড়াও দেশে-বিদেশে বিভন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বেশ কিছু দিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, চব্বিশের ৫ আগস্টের পর সপ্তাহের ব্যবধানে নিয়োগ পাওয়া কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে রোববার (০১ মার্চ) তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। পরদিনই কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) নাসির-উদ-দৌলাকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যেই অভিজ্ঞ সম্পন্ন অবসরপ্রাপ্ত সচিব রফিকুল আই মোহাম্মদ'র উপর আস্থা নিয়ে কৃষি প্রধান দেশের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেয় সরকার।


























