‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজারহাট উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘সাবলীল পঠন’ ও ‘শ্রুতিলিপি’ প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে নিরক্ষরতা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


























