ছবি : বাসস
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি কৃষক। তিনি বলেন, অসচ্ছল কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন সচল রাখাই সরকারের অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এডিপির অর্থায়নে ২০ জন নারীকে সেলাই মেশিন, ২৫টি গৃহহীন দরিদ্র পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৯২ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
এছাড়া ১২৬ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার চেক এবং ২৩টি ধর্মীয় প্রতিষ্ঠানকে বার্ষিক অনুদান দেওয়া হয়।
একই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৮৪০ জন কৃষকের মধ্যে সবজি বীজ ও প্রত্যেককে ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, সরকার সমাজের কোনো মানুষকে অবহেলিত রেখে নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে। অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের সাংবিধানিক অঙ্গীকার। এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে।
তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থান, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং গৃহহীনদের আবাসনের সুযোগ তৈরির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শক্তিশালী করতে এসব সহায়তা দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. মনজুরুল ইসলাম রুবেলসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


























