কৃষি খাতের রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার পরিকল্পনা
দেশের প্রচলিত কৃষি উৎপাদন ব্যবস্থাকে উদ্যোক্তানির্ভর ও বাজারমুখী করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার এক বিশাল উদ্যোগ গ্রহণ করছে সরকার। 'বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট' (বিএপি) নামের এই প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে শস্য, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে।
প্রকল্পটির প্রথম ধাপে বিশ্বব্যাংকের সহায়তায় ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব তৈরি করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৩০ কোটি এবং তৃতীয় ধাপে আরও ২৫ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশের মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) সামগ্রিক কৃষি খাতের অবদান প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। একই সঙ্গে জাতীয় শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এই খাতের সঙ্গে যুক্ত এবং এটি খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি।
প্রস্তাবিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সম্পর্ক তৈরি করা, কৃষিসেবাকে ডিজিটাল করা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পণ্যের উৎস শনাক্তকরণের ব্যবস্থা গড়ে তোলা।
প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তর। এর মধ্যে মূল বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দায়িত্ব পালন করবে।
প্রকল্পের ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানিয়েছেন, বর্তমানে এর একটি কারিগরি রূপরেখা তৈরি করা হচ্ছে। সরকার ও বিশ্বব্যাংকের পারস্পরিক আলোচনার পর অর্থায়ন ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
এই প্রকল্পটিকে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত বিদ্যমান 'পার্টনার' কর্মসূচির একটি ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু-সহনশীল ও টেকসই কৃষি গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
প্রথম পর্যায়ের জন্য প্রস্তাবিত ব্যয়ের মধ্যে ২২ কোটি ৫০ লাখ ডলার উৎপাদনশীল অংশীদারিত্বে, ৭ কোটি ৫০ লাখ ডলার ডিজিটাল সেবা অবকাঠামো তৈরিতে, ৩ কোটি ডলার উৎস শনাক্তকরণে এবং ২ কোটি ডলার প্রকল্প ব্যবস্থাপনায় খরচ করা হবে।


























