ছবিঃ রানার অনলাইন
রবি মৌসুমে শর্ষে ও মসুরের উৎপাদন বাড়াতে যশোরে ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে শর্ষের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই কর্মসূচিতে ১৫০ জন কৃষক মসুরের বীজ ও সার পেয়েছেন।
আজ মঙ্গলবার সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, প্রত্যেক শর্ষেচাষি এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। মসুরচাষিদের দেওয়া হয়েছে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলে আমদানি নির্ভরতা কমাতে শর্ষে ও মসুরের উৎপাদন বাড়াতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
সরকারি প্রণোদনায় পেঁয়াজের উৎপাদন বেড়েছে উল্লেখ করে তিনি এ সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। এতে যশোরে শর্ষে ও মসুরের আবাদ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন। এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


























