নথিপত্রে সার, চারা ও উৎপাদন উপকরণসহ বিভিন্ন খাতে হাজার হাজার টাকা ব্যয়ের হিসাব দেখানো হলেও বরাদ্দের এক-চতুর্থাংশও পাননি বলে অভিযোগ করেছেন কৃষকেরা। প্রদর্শনীর সহায়তা পেয়ে লাভবান হওয়ার প্রত্যাশায় মাশরুম ও কলা চাষে নেমে উল্টো লোকসানের মুখে পড়েছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, ‘টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি সহায়তা না পেয়ে তাঁদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তর করাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
কৃষকেরা জানান, চারা, সার ও চাষের প্রয়োজনীয় উপকরণ পেলে উৎপাদন খরচ কমবে এবং লাভবান হওয়া যাবে—এমন প্রত্যাশা থেকেই তাঁরা প্রকল্পের আওতায় প্রদর্শনী গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ না পেয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের অভিযোগ, নামমাত্র কিছু উপকরণ সরবরাহ করে চাষাবাদের বিষয়ে আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তদারকি ও কারিগরি সহায়তার অভাবে দুটি প্রদর্শনীতে তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা।
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের উদ্যোক্তা আব্দুল আহাদ। রসায়নে অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির পেছনে না ছুটে যুক্ত হন কৃষিকাজে। তরুণ এই কৃষি উদ্যোক্তাকে উৎসাহিত করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ মাঠপর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় তাঁকে মাশরুম চাষের একটি প্রদর্শনী দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ১০০টি মাশরুম ‘স্পন’, তাক তৈরির জন্য ১ হাজার ৫০০ টাকা এবং একটি ছোট হ্যান্ড স্প্রে মেশিন দেওয়ার কথা ছিল।
ক্ষোভ প্রকাশ করে আব্দুল আহাদ বলেন, ‘কৃষি কর্মকর্তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, তার কিছুই পাইনি। মাশরুমের স্পন ধরিয়ে দিয়েই তাঁরা দায় সেরেছেন, এরপর আর কোনো দিন কেউ খোঁজ নেননি। শেষ পর্যন্ত চাষে ব্যর্থ হয়ে বড় ধরনের লোকসানে পড়েছি।’
তবে প্রকল্পের ব্যয় বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, আহাদের মাশরুম প্রদর্শনীর বিপরীতে মোট ১১ হাজার ২০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। এর মধ্যে ১০০টি স্পনের দাম ৩ হাজার টাকা, বাঁশের খুঁটি দিয়ে তাক নির্মাণে ৪ হাজার ২০০ টাকা, ১০টি স্প্রেয়ার বাবদ ১ হাজার টাকা, সাইনবোর্ড ও রেজিস্টারে ১ হাজার টাকা এবং শ্রমিক ও অন্যান্য খাতে আরও ২ হাজার টাকা খরচের উল্লেখ রয়েছে।
আহাদ জানান, স্পন সরবরাহের পর কোনো কৃষি কর্মকর্তা তাঁর খামার পরিদর্শন করেননি কিংবা নিয়মিত খোঁজখবর নেননি। প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তদারকির অভাবে শেষ পর্যন্ত তাঁর মাশরুম চাষ পণ্ড হয়ে যায়। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
একই প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে কলা চাষের প্রদর্শনী গ্রহণ করেন মহসিন কবিরসহ কয়েকজন কৃষক। জমি লিজ নিয়ে বেসরকারি চাকরির পাশাপাশি কৃষিকাজে যুক্ত হন মহসিন। তবে প্রকল্পের সহায়তা ও মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কৃষকেরা জানান, কেবল কলা চাষেই তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।
প্রকল্পের নথি অনুযায়ী, গত মার্চ মাসে উচ্চমূল্যের ফল উৎপাদন কর্মসূচির আওতায় কলা চাষের এই প্রদর্শনীতে মোট ২০ হাজার টাকা ব্যয় দেখানো হয়। এর মধ্যে ১২০টি কলাগাছের চারা বাবদ ১ হাজার ২০০ টাকা, ৫০ কেজি ডিএপি সার বাবদ ১ হাজার ৫০ টাকা, ৩০ কেজি এমওপি সার বাবদ ৬০০ টাকা, ৫ কেজি জিপসাম বাবদ ৭৫ টাকা, ৫ কেজি দস্তা বাবদ ১ হাজার ২৫০ টাকা, ৫ কেজি বোরন বাবদ ৪০০ টাকা এবং ১০০ কেজি ভার্মি কম্পোস্ট বা জৈব সার বাবদ ১ হাজার ৫০০ টাকা খরচ দেখানো হয়েছে। এ ছাড়া খুঁটি বা পিলার বাবদ ২ হাজার ২৫ টাকা, কলার ব্যাগিংয়ে ৫ হাজার টাকা, জৈব বালাইনাশক ও বালাই ব্যবস্থাপনায় ৩ হাজার টাকা, সাইনবোর্ডে ৮০০ টাকা এবং পরিবহন খরচ বাবদ ১ হাজার ৫০০ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।
তবে ভুক্তভোগী মহসিন কবিরের দাবি, সার ও কলাগাছ বাবদ তাঁকে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকার কিছু উপকরণ দেওয়া হয়েছে। তালিকায় থাকা বাকি কোনো উপকরণই তিনি পাননি। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল নিম্নমানের চারা নিয়ে। তাঁর অভিযোগ, সরবরাহ করা কলার চারার বেশির ভাগই ছিল রোগাক্রান্ত। গাছগুলো বড় হওয়ার আগেই মারা যায়। বাধ্য হয়ে অবশিষ্ট চারাগুলোও কেটে ফেলতে হয় তাঁকে।
কান্নাজড়িত কণ্ঠে মহসিন বলেন, ‘জমি লিজ নিয়ে বড় আশা করে চাষ শুরু করেছিলাম। কিন্তু সাত মাসের মাথায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। যে চারা দেওয়া হয়েছিল, তার বেশির ভাগই মরে গেছে। চারাই যদি ত্রুটিপূর্ণ হয়, তবে কৃষক চাষ করবে কীভাবে? সার আর কিছু চারা ছাড়া আর কোনো সহযোগিতা পাইনি। বহুবার কৃষি কর্মকর্তাদের ফোন করেও তাঁদের মাঠে পাওয়া যায়নি।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের মতো প্রান্তিক কৃষকেরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ কীভাবে কৃষিকাজে উদ্বুদ্ধ হবে? সরকারি প্রকল্পের সঠিক তদারকি না থাকলে কৃষকদের এই লোকসান কেউ রোধ করতে পারবে না।’
প্রকল্পের বরাদ্দ ও বাস্তবে উপকরণ সরবরাহের হিসাবের মধ্যে পার্থক্যের অভিযোগ ওঠায় এর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রদর্শনী খামারে বরাদ্দের কত টাকা ব্যয় হয়েছে, প্রকৃত উপকরণ কৃষকদের হাতে কেন পৌঁছায়নি এবং মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা কী ভূমিকা পালন করেছেন, তা তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘ফতেপুরে মাশরুম চাষের প্রকল্পের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে বিষয়টি যেহেতু সামনে এসেছে, আমি খোঁজখবর নেব এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে দেখব।’
অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘আমি সবেমাত্র এক মাস হলো এখানে যোগদান করেছি। এ বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘মাশরুম চাষ প্রকল্পে বরাদ্দকৃত সব উপকরণ ও সুবিধা কৃষকদের পাওয়ার কথা। এ ছাড়া বরাদ্দকৃত অর্থ থেকে কোনো টাকা অব্যয়িত থাকলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। তবুও পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
যশোরে কৃষি বিভাগের মাশরুম ও কলা চাষের প্রদর্শনীতে কৃষকের সর্বনাশ
নথিপত্রে সার, চারা ও উৎপাদন উপকরণসহ বিভিন্ন খাতে হাজার হাজার টাকা ব্যয়ের হিসাব। অথচ বরাদ্দের এক-চতুর্থাংশ উপকরণও পাননি বলে অভিযোগ কৃষকদের। সরকারি সহায়তায় লাভের আশায় মাশরুম ও কলা চাষে নেমে উল্টো লোকসানে পড়েছেন তাঁরা।
যশোরে ‘টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় দুটি প্রদর্শনীতে এমন অনিয়ম ও তদারকির অভাবের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি সহায়তা না পাওয়ায় তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা।
যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুল আহাদকে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাশরুম চাষের প্রদর্শনী দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ১০০টি মাশরুম স্পন, তাক তৈরির উপকরণ ও একটি হ্যান্ড স্প্রে মেশিন দেওয়ার কথা ছিল।
আহাদের অভিযোগ, স্পন ছাড়া প্রয়োজনীয় উপকরণ পাননি তিনি। সরবরাহের পর কৃষি কর্মকর্তারাও আর খোঁজ নেননি। কারিগরি সহায়তা ও তদারকির অভাবে মাশরুম চাষে ব্যর্থ হয়ে প্রায় ৬০ হাজার টাকা লোকসান হয়েছে তাঁর।
অথচ প্রকল্পের নথিতে তাঁর প্রদর্শনীর বিপরীতে ১১ হাজার ২০০ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। এর মধ্যে স্পন, তাক নির্মাণ, স্প্রেয়ার, সাইনবোর্ড ও শ্রমিকের খরচও রয়েছে।
একই প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে কলা চাষের প্রদর্শনী নেন মহসিন কবিরসহ কয়েকজন কৃষক। তাঁদের অভিযোগ, সার ও কিছু চারা ছাড়া তালিকাভুক্ত অধিকাংশ উপকরণই দেওয়া হয়নি। সরবরাহ করা চারার বেশির ভাগ ছিল রোগাক্রান্ত। ফলে গাছ বড় হওয়ার আগেই মারা যায়। শেষ পর্যন্ত অবশিষ্ট চারাও কেটে ফেলতে হয়।
মহসিনের দাবি, কলা চাষে তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। অথচ প্রকল্পের নথিতে এই প্রদর্শনীর বিপরীতে ২০ হাজার টাকা ব্যয়ের হিসাব রয়েছে।
কৃষকদের অভিযোগ, বরাদ্দের অর্থ ব্যয়ের হিসাব থাকলেও বাস্তবে সেই অনুযায়ী উপকরণ তাঁরা পাননি। মাঠপর্যায়ে তদারকি ও কারিগরি সহায়তা না থাকায় সরকারি প্রকল্পের সুবিধার বদলে লোকসান গুনতে হয়েছে তাঁদের।
এ বিষয়ে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ফতেপুরে মাশরুম চাষের প্রদর্শনীর সময় তিনি দায়িত্বে ছিলেন না। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দের সব উপকরণ কৃষকদের পাওয়ার কথা বলেও জানান তিনি।


























