বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান অষ্টম
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান স্কোর ৩০৩, যা নাগরিকদের জন্য দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
এদিকে ১৫১ স্কোর নিয়ে এই তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ঢাকার এই বায়ুমান অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
মঙ্গলবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে এই তথ্য জানা গেছে।
তালিকায় ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এছাড়া ১৭০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটর এবং উগান্ডার কাম্পালা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৩ ও ১৬২।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোর সহনীয় হিসেবে ধরা হয়। অন্যদিকে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়ে থাকে।
এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।


























