খুলনায় ক্রমবর্ধমান হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে। হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন তাঁরা।
মানববন্ধন থেকে খুলনাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


























