ছবি : সংগৃহীত
ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মোশাররফ হোসেন আখুঞ্জির মেঝ মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সর্বশেষ গত ৩১ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই বাবার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
তিনি আরও বলেন, রাতে তার মরদেহ ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তার জানাজার সময় পরে জানানো হবে। সবার কাছে তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
রাজশাহী কলেজে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জিসহ তার সঙ্গীরা মিলে পুলিশি বাধা উপেক্ষা করে নির্মাণ করেছিলেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তার সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসে) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছিল।


























